চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম নয়ন (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকার নিমতলায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত নয়ন উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার নুরুল আমিনের বাড়ির নুরুল আমিনের পুত্র ও নিজামপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। চার ভাইয়ের মধ্যে সে সকলের ছোট।
নিহত নয়নের জেঠাতো ভাই জহিরুল ইসলাম রানা বলেন, আমার চাচাতো ভাই নয়ন তার নানীর জন্য বারইয়ারহাট বাজার থেকে ঔষধ নিয়ে বাইসাইকেলযোগে ফেরার পথে সকাল সাড়ে দশটার দিকে নিমতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে আবার সেই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। তার মাথা সম্পূর্ণ থেঁতলে যায়।
জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, বারইয়ারহাট থেকে করেরহাটগামী দ্রুতগতির একটি কার্গো ট্রাক বাইসাইকেল আরোহী নয়নকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।